"আব্বা দুক্ষু পাইছো?" তহন মনডায় কয় কিয়ের দুক্ষু, তুই আছোস না, আমার বাপ?

মহাখালীতে একটা কাজ সেরে দুপুরে বাসায় ফিরবো। উবারে কল দিয়ে পেলাম উনাকে। নাম রনি, রেড হিরো ইগনিটর, ফোন করলেন, কথায় পুরান ঢাকার কড়া আমেজ। "বড় ভাই কই আছেন?" বললাম "ভাই, আমি কলেরা হাস্পাতালের গেটে দাঁড়ানো, আপনি আসেন।" উনি বললেন "ভাই, খাড়ান ঐহানেই, আমি আইতাছি।"


কিছুক্ষণের ভেতর চলেও এলেন। উবারের রাইডাররা এসে সাধারণত ভাড়াটা জেনে নিয়ে ক্যান্সেল করে দিতে বলে, উনি সেরকম কিছুই বললেন না। একটু অবাক হলাম। পিলিয়নে বসার পর জিজ্ঞেস করলাম "আপনি রাইড ক্যান্সেল করতে বললেন না যে?" রনি ভাই তড়িঘড়ি উত্তর দিলেন " নাহ! ক্যান্সেল করতে কমু  ক্যান, উবারের হক আছে না? আমার যেমন বউ বাচ্চা আছে, ঐখানে যারা কাম করে অগোরওতো বউ বাচ্চা আছে, এইটাতো অগো হক।"

- আপনার বাড়ি কি পুরান ঢাকায়?
- হ ভাই, হাজারীবাগ।
- তো ব্যবসা না করে আপনি উবার কেন চালাচ্ছেন?
- ব্যবসা আছিলোতো বড় ভাই, চামড়ার ব্যবসা। কিন্তুক এখন যেই অবস্থা আমগোমতন মাইনসের ব্যবসা করার উপায় নাই। ছুরি ঠ্যাকায়া সব লয়া যায়। হেমায়েতপুর যারা থাকে তারা কোনো রকম টিক্যা আছে।

- তাহলে অন্য ব্যবসা করেন, চামড়ার ব্যবসা ছাড়াওতো আরো ব্যবসা আছে।
- করতে চাইছিলাম ভাই। পারি নাই। মনডা নরম ভাই, লেবারগো লগে খারাপ ব্যবহার করতে পারি না। অরাও পায়া বয়। 

- এখন কি খালি উবার চালান? 
- হ, উবার পাঠাও দুইডাই চালাই। রিজিকের মালিক আল্লাহ, এহনতরি ঠেকায় নাই কোনোদিন। একটা পোলা আছে একটা মাইয়া আছে, বউ পোলাপান নিয়া চইলা যায়।
আমি কিছুক্ষণ চুপ করে ছিলাম। রনি এবার জিজ্ঞেস করলেন "বড় ভাই কলেরা হাসপাতালে আইছিলেন ক্যা? কেউ কি অসুস্ত?"

আমি বললাম "না না কেউ অসুস্থ না। এদিকে একটা কাজে এসছিলাম।"

- একটা কবিতা পড়ছিলাম ভাই, অনেক আগে। কবি লেখছে একটা শিশু যা পাইতে পাইতে বড় হয় সে বড় হইয়া উইটাই দিতে হিগে। আমি ভাই বাপ মা, মহল্লার মানুষ, আত্মীয় বন্ধু এগোর বহুত ভালোবাসার মইধ্যে বড় হইছি, হেল্লেইগ্যা খালি ভালোবাসতেই হিগছি, কাউরে ঘিন্না করতে হিগি নাই। এই যে আস্তে আস্তে বাইক টানি, রাস্তার মানুষ একেকসম কত খারপ কথা হুনায়া দেয়, চান্স পাইলে রিশকাওয়ালারাও গাইল পাড়ে, আমি কাউরে কিছু কয়ার পারি না। মন কান্দে, মনে হয় এই ব্যডাওতো কারো না কারো ভাই, পোলা, অরে আমি গালি দিমু কেমথে? ওর কলিজায় ঘাও লাগবো না? 

এক একদিন মাইনষের ব্যবহারে খুব দুক্ষু লাগে, বাইক চালাইতে আর মনডায় চায় না। ঘরে গিয়া হুইয়া থাকি। আমার পোলায় দেইখা আমারে আয়া কয় "আব্বা দুক্ষু পাইছো?"  তহন মনডায় কয় কিয়ের দুক্ষু, তুই আছোস না, আমার বাপ? আমি হাইস্যা দেই, আর দুক্ষু থাকে না।

@kawser Shakil









share your opinion
Dhaka Dairy-regularly update all information about all contact information across Bangladesh.Our primary focus on Dhaka related information. এই পেজ টি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন

Post a Comment

0 Comments